জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী শনিবার (১৬ জানুয়ারি) এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের একদিন আগে সভাপতি পদপ্রার্থী ও ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়।
এরই ধারাবাহিকতায় সাত দিন পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি নতুন করে নির্বাচনের দিন ধার্য করেন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মঞ্জরুল আহসান বুলবুল। জানা যায়, শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানটি মূলত শোকসভায় পরিণত হয়।
এ দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল এর সদস্য ও ভোরের কাগজের সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। পরে সভার মাধ্যমে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়।